
রাইজিং কুমিল্লা ডেস্ক
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের বেশ কিছু অনিয়ম তার নজরে আসে।
এ সময় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের হাসপাতালে ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ইতোমধ্যে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানান তিনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC