
আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।
হলফনামায় দেওয়া তথ্যে দেখা গেছে, তাহেরীর ওপর নির্ভরশীল ব্যক্তি কিংবা তার স্ত্রীর নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো স্বর্ণালংকার, নগদ অর্থ বা আসবাবপত্রও নেই বলে উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী, তাহেরীর অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা খাত থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে আয় হয় ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা।
এ ছাড়া তার কাছে রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা।
স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরীর মালিকানায় রয়েছে কৃষিজমি, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা।
সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তার শ্বশুরবাড়ি থাকায় তিনি এ আসন থেকে প্রার্থী হয়েছেন।
আইনি বিষয়ে হলফনামায় উল্লেখ করা হয়, তাহেরীর বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে।









