
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন ১১ ছিনিয়ে নেওয়ার লোভে এক বন্ধুকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেক মিয়া (২২) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের রাস্তার উত্তর পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অন্যদিকে, অভিযুক্ত বন্ধু সাহেল মিয়া একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) রাজমিস্ত্রির কাজের সুবাদে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে যান। সেখানে একসঙ্গে কাজ করার সময় তারেকের ব্যবহার করা আইফোন ১১ সেটটির প্রতি সাহেলের লোভ জাগে।
অভিযোগ রয়েছে, এই লোভের বশবর্তী হয়ে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তারেককে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডের তথ্য গোপন করতে মরদেহটি স্থানীয় একটি ডোবায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
এদিকে, তারেক বাড়িতে না ফেরায় ও কোনো যোগাযোগ না থাকায় তাঁর পরিবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত সাহেলকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেল আইফোনের লোভে তারেককে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের ডোবা থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC