
নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় স্বাস্থ্য, সড়ক ও জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, গ্যাস অনুসন্ধান, দুর্যোগ আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এবং বর্তমান সরকারের ষষ্ঠ একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩ কোটি ৫৪ লাখ টাকা।
নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’, যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা। এলজিইডি বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে তিন জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে এবং ৪৫ হাজার ৭৮০ জন দুঃস্থ নারী কর্মসংস্থানের সুযোগ পাবেন।
জ্বালানি খাতে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাপেক্স ও পেট্রোবাংলা বাস্তবায়ন করবে।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধিত প্রকল্পও অনুমোদন পায়। এর মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় ৯ হাজার ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা, যা এ সভার সবচেয়ে বড় সংশোধিত প্রকল্প।
এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে ১ হাজার ৪৫০ কোটি টাকা, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ব্যয় ১ হাজার ২৩ কোটি ৩১ লাখ টাকা বৃদ্ধি এবং মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮১ কোটি ৩১ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ব্যয় ১১৭ কোটি ৪১ লাখ টাকা কমানো হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের একনেক সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি অনুসন্ধান এবং বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একনেকের অনুমোদন মিললে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু করবে।
এসময় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC