
রাইজিং কুমিল্লা ডেস্ক
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা বা বিশেষ সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার—এমন মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে এখনো চিকিৎসাসেবা পাওয়া অনেক মানুষের জন্য এক অসম লড়াই। দীর্ঘদিন ধরে অবহেলিত স্বাস্থ্যখাতের কারণে সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত হচ্ছেন এবং সেবার বণ্টনও রয়ে গেছে অসম।
তিনি আরও জানান, বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারের জন্য দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা-১৭ এলাকার জনগণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলার মতো এলাকার মানুষ শহরের অর্থনীতিকে সচল রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। “আমাদের লক্ষ্য—এই মানুষগুলো যেন সহজে ও ন্যায্যভাবে চিকিৎসাসেবা পায়,” যোগ করেন তিনি।
স্থানীয় বাস্তবতার চিত্র তুলে ধরে তিনি বলেন, এসব এলাকার প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল। অসুস্থতা তাদের জন্য শুধু শারীরিক সমস্যা নয়, বরং আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও তৈরি করে।
নতুন এই উদ্যোগের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, নবজাতক থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়, অন্তঃসত্ত্বা মায়েরা জরুরি চিকিৎসা দ্রুত পেতে পারেন এবং অ্যাম্বুলেন্স সেবা সবার নাগালে থাকে—এটাই মূল উদ্দেশ্য।
স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই জানেন না যে তাদের আশপাশেই উন্নত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব। এই তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ শয্যার আইসিইউ ইউনিট ছাড়াও একটি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করা হয়। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC