
রাইজিং কুমিল্লা ডেস্ক

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন স্ত্রী। দীর্ঘদিন কিডনি রোগে ভুগতে থাকা বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক সুদাম পাল স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল মুঠোফোনে অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা অস্ত্রোপচার শেষে সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সুদাম পাল ও মন্দিরা রানী পাল ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। অন্যদিকে, তাঁর স্ত্রী মন্দিরা রানী পাল উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির জীবনে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে তাঁর আবেগঘন বক্তব্য ছিল, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
পরিবারের সদস্যরা জানান, কিডনি প্রতিস্থাপনের জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলে। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার সফলভাবে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এদিকে, স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে। সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবারেই ফিরেছে স্বস্তি।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC