বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্বর্ণের দাম আরও বাড়ল, ভরিতে বেড়েছে এক হাজার ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম
স্বর্ণের নেকলেস। ছবি: রাইজিং কুমিল্লা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়লো। বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দাম নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হবে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২১ হাজার ৫৬২ টাকা গুনতে হবে।

আরও পড়ুন