
রাইজিং কুমিল্লা ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও নামাজ আদায় করতে যান।
পুলিশ জানায়, মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হওয়ার সময় তিনি নিজের জুতাই হাতে করে নিয়ে আসেন।
মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। তবে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, শৃঙ্খলা বাহিনীকে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC