
রাইজিং কুমিল্লা ডেস্ক

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ বিরতি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী রোববার (৭ জুন) থেকে পুনরায় পাঠদান শুরু হচ্ছে। টানা ১৬ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হয়। এর আগে ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ছুটির আমেজ শুরু হয় আরও আগে থেকেই।
নির্ধারিত ছুটি শেষ হয়েছে গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন, রোববার খুলছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।
দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC