
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎস থেকে এসব যানবাহন চার্জ করা হলে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি নিবন্ধনের পর নিয়ম অমান্য করলে নিবন্ধন নবায়নও করা হবে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। তবে নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে এসব যানবাহনের ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।
তিনি জানান, সৌরবিদ্যুতের পরিবর্তে সাধারণ বিদ্যুৎ বা অন্য কোনো উৎস ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্ট রিকশা বা অটোরিকশা নিবন্ধনের যোগ্য হবে না। পাশাপাশি নিবন্ধনের পরও কেউ নিয়ম ভঙ্গ করলে তার নিবন্ধন নবায়ন করা হবে না।
নিয়ম অমান্য করে সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে চালক বা মালিকের বিরুদ্ধে জরিমানার বিধান রাখা হচ্ছে। এ বিষয়ে নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর ব্যাটারিচালিত যানবাহনের অতিরিক্ত চার্জিংয়ের চাপ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC