
রাইজিং কুমিল্লা ডেস্ক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল কাদেরের ছেলে।
সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দাম্মাম–আপকিক–আলহাসা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিটে) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।
নিহত শাহীন মিয়া সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করে পরিবারের ভরণপোষণ করতেন শাহীন মিয়া। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC