শুক্রবার ২০ মার্চ, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন/ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশতাধিক গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে এসব এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

জেলার হাজীগঞ্জ উপজেলা-এর সাদ্রা দরবার শরীফ-কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ব্যতিক্রমধর্মী ধর্মীয় অনুশীলন চলে আসছে। জানা যায়, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের এই রীতি চালু রয়েছে।

সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক (রহ.) প্রথম এ প্রথা চালু করেন। সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা যাকারিয়া আল মাদানী।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানি, মোহনপুর, পাঁচানী এবং কচুয়ার কয়েকটি গ্রাম।

আরও পড়ুন