বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা শুরু

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Chandpur
চাঁদপুর/ছবি: সংগৃহীত

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

শুধু সাদ্রা দরবার শরীফই নয়, মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও তারাবির নামাজ আদায় ও সেহরি গ্রহণের মাধ্যমে রোজা পালন শুরু করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন পীর ইমামুল আরেফিন ড. মওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার বহু গ্রামের মানুষ আজ থেকেই প্রথম রোজা পালন করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে—

হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা

ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর

মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী

এছাড়া কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামেও আজ থেকে রোজা শুরু হয়েছে।

পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, প্রথমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার অপেক্ষা করা হয়। পরে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত হলে সাদ্রা দরবার শরীফে তারাবি নামাজ আদায় ও রোজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের এই প্রথার প্রবর্তক ছিলেন সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে তিনি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন, যা আজও অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুন