
রাইজিং কুমিল্লা ডেস্ক

সৌদি আরবের জেদ্দা শহরে বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দার ফিস আল-বারাকার হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি প্রিয়জনদের ছেড়ে বিদেশের মাটিতে থেকেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বের দেড় কোটিরও বেশি প্রবাসী আজ বাংলাদেশের মানবসম্পদ ও অর্থনৈতিক শক্তি হিসেবে রূপান্তরিত হয়েছে।
প্রধান অতিথি আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত বিএনপি সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীরা যে নানা সমস্যার সম্মুখীন হন, সেগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক হানিস সরকার উজ্জলের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের গ্রীন ফিল্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. তারেক মোর্শেদ, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন আলী এবং ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দেশের উন্নয়নে ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থাকার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC