
সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার একই পরিবারের দুই শিশুসহ চার সদস্য রয়েছেন।
নিহতরা হলেন— ১৩ বছর বয়সী মোহনা, দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)।
এ ঘটনায় পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা এবং বাংলাদেশ সময় রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরব এর আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী মেহের আফরোজ সুমী এবং তিন কন্যা—মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।
নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আমরা ঘটনাটি জেনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”










