
রাইজিং কুমিল্লা ডেস্ক
লক্ষ্মীপুরে চলতি আমন 21র বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সার ও কীটনাশকের তুলনামূলক সহনীয় দাম এবং সময়মতো পরিচর্যার কারণে এবার আমন আবাদে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। মাঠ থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।
অন্যদিকে, গত মৌসুমের তুলনায় বাজারে ধানের দাম মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়া এবং বিক্রিতে ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে গত বছরের তুলনায় এবার ধানের দাম বেশি থাকায় আমন আবাদে লাভের মুখ দেখার আশা করছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এ মৌসুমে জেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অধিকাংশ জমিতেই আশানুরূপ ফলন পাওয়া গেছে। কৃষি বিভাগের প্রত্যাশা, উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
জেলার বিভিন্ন কৃষি এলাকা ঘুরে দেখা গেছে, পাকা ধানে সোনালি হয়ে উঠেছে মাঠের পর মাঠ। কোথাও চলছে ধান কাটা, কোথাও আঁটি বাঁধা, আবার কোথাও মাড়াই ও শুকানোর কাজ। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকদের নিয়েও ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। ভালো ফলন হওয়ায় তাদের মধ্যে উৎসাহও দেখা গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মৌসুমে প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হলেও চলতি মৌসুমে তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজারভেদে মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা বেশি পাচ্ছেন তারা। অন্যদিকে সার, সেচ ও কীটনাশকের দাম তুলনামূলক সহনীয় থাকায় উৎপাদন খরচও নিয়ন্ত্রণে রয়েছে। কৃষকদের হিসাবে, প্রতি মণ ধান উৎপাদনে তাদের খরচ পড়েছে প্রায় ১ হাজার টাকা।
সদর উপজেলার চর রমণিমোহন এলাকার কৃষক আবুল বাসার, চররুহিতা এলাকার তোফায়েল হোসেন ও নুরুল হুদা জানান, এবার জমিতে ধানের ফলন ভালো হয়েছে। রোগবালাই ও আবহাওয়াজনিত বড় ধরনের বিপর্যয় না থাকায় উৎপাদন নিয়ে সন্তুষ্ট তারা। তবে ধান চাষে জমি প্রস্তুত, শ্রমিকের মজুরি, সেচ, সার ও কীটনাশকসহ বিভিন্ন খাতে খরচ করতে হয়েছে। সব খরচ হিসাব করে ধানের বর্তমান বাজারদর তাদের কাছে কিছুটা স্বস্তিদায়ক মনে হচ্ছে।
কৃষকরা আরও জানান, উৎপাদন ভালো হলেও ধান বিক্রির সময় ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। অনেক সময় মৌসুমের শুরুতে দাম ভালো থাকলেও একসঙ্গে বাজারে ধান উঠলে দাম কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত ও সহজভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি প্রকৃত ও প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করে সরকারি প্রণোদনা এবং ধান বিক্রির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
কৃষকদের প্রত্যাশা, সরকার নির্ধারিত দামে সরাসরি ধান বিক্রির সুযোগ পেলে তারা আরও বেশি লাভবান হবেন। তবে সরকারি গুদামে ধান দিতে গিয়ে বিভিন্ন শর্ত, কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতায় অনেক প্রান্তিক কৃষক সমস্যায় পড়েন বলে অভিযোগ রয়েছে। এসব শর্ত সহজ করে কৃষকের বাড়ির কাছাকাছি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে ধান কেনার ব্যবস্থা করার দাবি তাদের।
সরকার চলতি মৌসুমে প্রতি মণ ধানের সংগ্রহমূল্য ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে। কৃষকদের মতে, বাজারে প্রচলিত দামের তুলনায় সরকারি সংগ্রহমূল্য বেশি হওয়ায় এ কর্মসূচি বাস্তবায়িত হলে তারা সরাসরি উপকৃত হবেন। তবে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা এবং নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির আহমেদ বলেন, লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। মাঠ পর্যায়ে ধানের ফলনও ভালো দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC