
নিজস্ব প্রতিবেদক
গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন এবং শিশু ৪৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোট দুর্ঘটনার ৩৩.৮৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা।
এছাড়া, দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ। এই সময়ে যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, যা মোট নিহতের ১৩.৪২ শতাংশ।
এই সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, ২৯টি রেল-ট্র্যাক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৮.৬৯%, প্রাণহানি ২৯.৭৩%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৮.৮৩%, প্রাণহানি ১৮.৯৪%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৪%, প্রাণহানি ২২.৩০%, খুলনা বিভাগে দুর্ঘটনা ৬.৭২%, প্রাণহানি ৬.২৩%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৩.৫৮%, প্রাণহানি ৩.৩৫%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৮.২৯%, প্রাণহানি ৮.৮৭%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৪.৪৮%, প্রাণহানি ৫.০৩% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৮%, প্রাণহানি ৫.৫১% ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন, যা সর্বোচ্চ। সবচেয়ে কম নিহতের ঘটনা ঘটেছে মাগুরা জেলায়, যেখানে ৮টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
এছাড়া, রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, "অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারী এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার।"
তিনি আরও বলেন, যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণেই পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখি সচেতনতামূলক প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC