বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোয়া মাছ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -32 kg poa fish caught in a fisherman's net in St. Martin's
সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোয়া মাছ/ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি পোয়া মাছ। শনিবার (২২ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের উত্তর সাগরে গণি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। বিশাল এই মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোরেও জীবিকার তাগিদে দ্বীপের উত্তর সাগরে মাছ শিকারে যান জেলে গণি। সাগরে জাল ফেলার কিছুক্ষণ পর তা টেনে কূলে তুলতেই তিনি দেখতে পান বিশাল আকৃতির এই পোয়া মাছটি। মাছটি সেন্টমার্টিন মাছ বাজারে নিয়ে আসার পর ওজন করে দেখা যায়, এটি ৩২ কেজি ৮০০ গ্রাম।

এদিকে, এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে স্থানীয়রা সেন্টমার্টিন মাছ বাজারে ভিড় জমাতে শুরু করেন। বাজারে মাছটির দাম চাওয়া হচ্ছে ৬ লাখ টাকা।

এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “জেলেরা মাছ শিকারে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় সাগরে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, এটি তারই সুফল।”

মাছটির এত উচ্চমূল্যের কারণ ব্যাখ্যা করে তিনি আরও জানান, এই বিশেষ প্রজাতির পোয়া মাছের বায়ুথলী সার্জিক্যাল বা চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। যে কারণে বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এর দামও সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন