মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

সুস্থ থাকতে প্রতিদিন যত কদম হাঁটবেন—যা বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - Walking
প্রতীকি ছবি/পেক্সেল

সুস্থ থাকতে হাঁটার গুরুত্ব আমরা সবাই জানি। দীর্ঘদিন ধরে ধারণা ছিল—প্রতিদিন অন্তত ১০ হাজার কদম হাঁটতেই হবে। কিন্তু সাম্প্রতিক এক বড় গবেষণা জানাচ্ছে, সুস্থ থাকার জন্য এতটা হাঁটা অপরিহার্য নয়।

নিয়মিত মাত্র ৭ হাজার কদম হাঁটলেই শরীর পেতে পারে বড় ধরনের স্বাস্থ্য উপকার। এমনকি এতে অকালমৃত্যুর ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, চিকিৎসাবিষয়ক জার্নাল ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’–এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে—প্রতিদিন ৭ হাজার কদম হাঁটলে অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

গবেষকদের মতে, ১০ হাজার কদম হাঁটলে উপকার কিছুটা বাড়তে পারে ঠিকই, তবে স্বাস্থ্যের মূল সুফলটা আসে ৭ হাজার কদমেই।

কী বলছে গবেষণাটি?

গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর করা ৫৭টি গবেষণা বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, নিয়মিত ৭ হাজার কদম হাঁটলে—

  • অকালমৃত্যুর ঝুঁকি কমে ৪৭ শতাংশ

  • ডিমেনশিয়ার ঝুঁকি কমে ৩৮ শতাংশ

  • বিষণ্নতার ঝুঁকি কমে ২২ শতাংশ

  • টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে ১৪ শতাংশ

এ ছাড়া নিয়মিত হাঁটা ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে এবং পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকিও কমাতে পারে—যদিও এসব বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

১০ হাজার কদমের চাপ নেওয়ার দরকার নেই

গবেষণাটির সহলেখক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গবেষক প্যাডি ডেম্পসি বলেন,“১০ হাজার কদম হাঁটতেই হবে—এমন মানসিক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দিনে ৭ হাজার কদমই বড় স্বাস্থ্য উপকার দিতে পারে।”

তিনি আরও জানান, যারা ইতিমধ্যে বেশি হাঁটেন, তারা সেই অভ্যাস বজায় রাখুন। যারা দিনে মাত্র ২–৩ হাজার কদম হাঁটেন, তারা প্রতিদিন ১ হাজার কদম করে বাড়ানোর চেষ্টা করুন। মাত্র ১০–১৫ মিনিট অতিরিক্ত হাঁটাই বড় পরিবর্তন আনতে পারে।

কীভাবে সহজে পূরণ করবেন ৭ হাজার কদম?

হাঁটার গতি অনুযায়ী সময় কিছুটা কমবেশি হতে পারে। তবে সাধারণভাবে এক ঘণ্টা হাঁটলেই প্রায় ৭ হাজার কদম পূরণ হয়। ব্যস্ত জীবনেও ছোট কিছু অভ্যাসে এই লক্ষ্য ধরা সম্ভব—

  • অফিসে যাওয়ার পথে বাস বা রিকশা থেকে এক স্টপ আগে নেমে হাঁটা

  • লিফটের বদলে সিঁড়ি ব্যবহার

  • খাবারের পর ১০–১৫ মিনিট হালকা হাঁটা

  • কাজের ফাঁকে ছোট হাঁটার বিরতি

  • ফোনে কথা বলতে বলতে বা বাসার ভেতরে হাঁটা

হাঁটাই হতে পারে সবচেয়ে সহজ ব্যায়াম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক ব্যায়াম প্রয়োজন। কিন্তু বাস্তবে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষই এই লক্ষ্য পূরণ করতে পারেন না।

এই ঘাটতি পূরণের জন্য হাঁটাই সবচেয়ে সহজ, নিরাপদ ও সবার জন্য উপযোগী ব্যায়াম।

অল্প অল্প করে শুরু করুন। নিয়মিত হাঁটলেই সুস্থ থাকার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন