
নিজস্ব প্রতিবেদক

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মরহুমদের জানাজা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নিহত শান্তিরক্ষী সেনাসদস্যরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি), নাটোর, সৈনিক শামীম রেজা (বীর), রাজবাড়ি, সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর), কুড়িগ্রাম, সৈনিক শান্ত মন্ডল (বীর), কুড়িগ্রাম, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ, লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া, গাইবান্ধা।
আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পড়ে শোনানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা শেষে নিহতদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর সেনাসদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলার উদ্দেশে রওনা দেয়, যেখানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাৎ বরণ করেন। ওই হামলায় আহত হন আরও ৯ জন, যারা সবাই বর্তমানে শঙ্কামুক্ত। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC