শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সালমান শাহর জন্মদিনে নব্বইয়ের সোনালী দিন মনে করলেন শাবনূর

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Salman Shah-Shabnur
সালমান শাহ-শাবনূর/ছবি: সংগৃহীত/কোলাজ রাইজিং কুমিল্লা

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে নিজের যে অবস্থান তৈরি করেছিলেন, মৃত্যুর বহু বছর পরও তা অমলিন।

বিশেষ এই দিনে সহকর্মী ও ভক্ত-শুভানুধ্যায়ীরা নানা স্মৃতিচারণায় প্রিয় নায়ককে স্মরণ করছেন। বাদ যাননি সালমান শাহর অন্যতম জনপ্রিয় সহশিল্পী শাবনূরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে প্রিয় সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

শাবনূর ও সালমান শাহ জুটি নব্বইয়ের দশকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সালমান শাহর সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনূর। তাদের পর্দার রসায়ন সে সময় দর্শকদের মুগ্ধ করেছিল এবং অল্প সময়ের মধ্যেই তারা ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হন।

সালমান শাহর জন্মদিনে ফেসবুকে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’

স্মৃতিচারণায় সালমান শাহর তারকাখ্যাতির পাশাপাশি তার মানবিক গুণের কথাও তুলে ধরেছেন শাবনূর। তিনি লিখেছেন, নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলো আজও তার চোখের সামনে ভাসে। শুটিং সেটে সালমান শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ।

শাবনূরের ভাষায়, শুটিং ইউনিটের কর্মী কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই সালমান কখনো ছোট করে দেখতেন না। সবার খোঁজ নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে যত্ন নেওয়ার মতো গুণ তার মধ্যে ছিল। তার সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে বলেও উল্লেখ করেন শাবনূর।

সালমান শাহর সিনেমা কিংবা গান তাকে এখনো সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নেয় জানিয়ে শাবনূর লেখেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালী দিনগুলোতে।’

প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেছেন শাবনূর। একই সঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। স্মার্টনেস, অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর অধিকাংশই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পায়।

মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও সালমান শাহর সবচেয়ে বেশি সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। নব্বইয়ের দশকে সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাদের সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যেত।

স্বল্প সময়ের ক্যারিয়ারে অসংখ্য দর্শকের মনে জায়গা করে নেওয়া সালমান শাহ আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় এক নাম। জন্মদিনে সহকর্মীদের স্মৃতিচারণা ও ভক্তদের ভালোবাসায় আবারও শ্রদ্ধা-ভালোবাসায় উচ্চারিত হচ্ছে এই প্রিয় নায়কের নাম।

আরও পড়ুন