
চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
শরিফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে আরও ১২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি জওয়ান মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।
এর আগে বিএনপির ডাকা অবরোধের সময় একাধিকবার বিজিবিকে মাঠে নামানো হয়েছিল। গত ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।










