
রাইজিং কুমিল্লা ডেস্ক
সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান একই দিন বগুড়ায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
ইপিআই সূত্রে জানা যায়, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সংস্থাটির সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, মোট প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
কর্মসূচির ধাপ অনুযায়ী, ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ১২ এপ্রিল, যা চলবে ১২ মে পর্যন্ত। এছাড়া সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে, ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপের টিকাদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে কার্যক্রম চালু করা হয়।
রোববার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় স্বাস্থ্য মন্ত্রী বলেন, হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে চলতি মাসের শুরু থেকেই টিকাদান কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। একটি সুস্থ ও রোগমুক্ত প্রজন্ম গড়ে তুলতে তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় হামের টিকা না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC