
রাইজিং ডেস্ক
দেশজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা ‘কিপিআই’-কে কেন্দ্র করে হামলার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। এমন প্রেক্ষাপটে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাতে এই নির্দেশনা জারি করা হয়। এরপর থেকেই কিপিআই অঞ্চলগুলোতে নজরদারি, টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, এই মুহূর্তে দেশে ৫৮৭টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে কিপিআই হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি ভবন, বিভিন্ন কারাগার ও বিদ্যুৎকেন্দ্র।
এসব স্থাপনার নিরাপত্তা তদারকির জন্য সরকারের একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কমিটি কাজ করছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় নির্দেশনার পর অনেক এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল, বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহজনক ব্যক্তি ও তৎপরতার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা মৌখিকভাবে সতর্ক বার্তা পেয়েছেন—সম্ভাব্য যেকোনো ধরনের হামলা বা নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকার জন্য।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘‘কিপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় সারা বছরই বাড়তি নজরদারি রাখা হয়। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আরও সমন্বিতভাবে কাজ করছে।’’
শনিবার রাতে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড নিয়ে সরকার অবগত এবং গভীরভাবে চিন্তিত। তবে একই সঙ্গে সরকার আশ্বস্ত করেছে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘‘নাশকতা বা উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ডের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মিললে সরকার তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে।’’
সরকার আরও জানায়, “যদি এসব ঘটনা জনমনে আতঙ্ক ও বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকে, তবে তা প্রতিহত করতে সরকার ও জনগণ একযোগে কাজ করবে। ভয় নয়, আমরা সংকল্প নিয়েই এগিয়ে যাব।”
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, “বাংলাদেশ অতীতেও বহু সংকট অতিক্রম করেছে। বর্তমান প্রেক্ষাপটেও ঐক্য, সংযম ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মাধ্যমে যেকোনো হুমকির জবাব দেওয়া হবে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC