
লক্ষ্মীপুরে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (২৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের একটি প্রবণতার কারণে এখনো কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। বর্তমান সময়ে তাদের এভাবে প্রভাব বিস্তার করার কথা নয়। এর পেছনে আন্ডারগ্রাউন্ড সহযোগিতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, পুলিশ প্রশাসন ও এলাকাবাসীকে একসঙ্গে কাজ করে এলাকাকে মাদকমুক্ত করতে হবে। এটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তারা ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে দাবি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে এর সত্যতা প্রমাণ করেছেন। তিনি জানান, লক্ষ্মীপুরেও প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে সবাই এর সুবিধা পায়।
তিনি আরও বলেন, সবার জন্য শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা সরকারের ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এসব পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও ফার্মাস কার্ড পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। যদিও এসব কার্যক্রম ঢাকায় শুরু হয়েছে, শিগগিরই লক্ষ্মীপুরসহ অন্যান্য এলাকাতেও পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।







