
রাইজিং কুমিল্লা ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে বাসটির সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ঢাকাগামী লেনে চলার সময় সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ধাক্কার পর বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে আগুনের তীব্রতায় পুরো বাসটি পুড়ে যায়।
স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বাসের সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
তিনি জানান, এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এসআই ফারুক ইসলাম আরও বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC