
বিনোদন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান আবারও জাতীয় দলে ফিরবেন কি না—এ প্রশ্ন এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। প্রায় দুই বছর আগে ভারতের বিপক্ষে শেষবারের মতো লাল-সবুজের জার্সিতে মাঠে নেমেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর নানা জটিলতায় আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা হয়নি তার। বৈষম্যবিরোধী আন্দোলনের পর মামলা সংক্রান্ত পরিস্থিতির কারণে দেশের মাটিতেও ফেরা সম্ভব হয়নি সাকিবের।
তবে সাম্প্রতিক সময়ে তার জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আশাবাদী হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় আছেন তাদের প্রিয় অলরাউন্ডারকে আবার মাঠে দেখার।
এই প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন— “ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের জন্য আবারও মাঠে নামুক, ব্যাট ধরুক। রাজনৈতিক সাকিব না, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ভক্ত হিসেবে আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে চাই।”
অন্যদিকে, বিসিবিও সাকিবকে দলে ফেরাতে আগ্রহী। এর আগে বোর্ডের পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এ কারণে সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে তিনি আশাবাদী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC