
রাইজিং কুমিল্লা ডেস্ক
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে ‘উদ্যোগ’ প্রকল্পের কাঠামো, সম্ভাব্য তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এ প্রকল্পের তহবিলের আকার ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। দেশের সব ব্যাংককে প্রকল্পটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে ‘উদ্যোগ’ প্রকল্প চালু হতে পারে।
নতুন এই ঋণ কর্মসূচিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের। ব্যবসা কিংবা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে তাদের যুক্ত করার লক্ষ্যেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
বৈঠকে অংশ নেওয়া সোনালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষিত তরুণরা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা কিংবা আয়মূলক কর্মকাণ্ড শুরু করতে এ ঋণ থেকে উপকৃত হতে পারেন।
তবে প্রকল্পের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং ঋণ পাওয়ার যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC