
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে ব্যক্তিগত গাড়ি ও নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছেন এবং যত দিন মন্ত্রী থাকবেন, তত দিন পর্যন্ত সরকারি গাড়ি ও বেতন-ভাতা গ্রহণ করবেন না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি সুবিধা গ্রহণে সংযম বজায় রাখার চেষ্টা করছেন। তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং জ্বালানির খরচও নিজেই বহন করছেন। মন্ত্রী থাকাকালীন সরকারি গাড়ি ব্যবহার না করার পাশাপাশি সরকারি বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্তের কথাও পুনর্ব্যক্ত করেন।
শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা জেলায় প্রথম রপ্তানিমুখী কারখানা স্থাপনের উদ্যোগ তার হাত ধরেই শুরু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় জেলায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে এবং বহু নতুন কারখানা গড়ে উঠেছে। এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কুমিল্লা বরাবরই কৃষিতে পথিকৃৎ জেলা। কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে নতুন হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলার ঐতিহ্য ধরে রাখতে “ট্যাংক ও ব্যাংকের নগরী” হিসেবে কুমিল্লার সুনাম সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি **রেজাউল কাইয়ুম**সহ আরও অনেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC