
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় একের পর এক নির্দেশনা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকারি ছুটির দিনেও প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন—শুক্রবার ও শনিবার—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা বা ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু থাকবে।
এতে আরও বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম ও সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে তেলের পার্সেল দেশে আনা হচ্ছে।
পাশাপাশি ডিলারদের মাধ্যমে প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর নির্দেশনা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও (শুক্রবার ও শনিবার) বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখা হবে।









