
রাইজিং কুমিল্লা ডেস্ক
সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডে শূন্যপদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি।
এছাড়া ১০ম থেকে ১২তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। ১৩তম থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। অন্যদিকে ১৭তম থেকে ২০তম গ্রেডে ফাঁকা পদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিস মিলিয়ে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC