
নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লায় জেলা পুলিশের সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার পূজার আগে ও পূজা চলাকালীন সময়ে করণীয়-বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।”
সভায় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
উল্লেখ্য, এ বছর কুমিল্লার ১৮টি উপজেলাসহ বিভিন্ন এলাকায় মোট ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৪২টি। ২০২৫ সালে জেলায় ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, ২০২৬ সালে কুমিল্লা মহানগর এলাকায় ১৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC