মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা নন-স্ট্রাকচারাল প্রোটিন-১ (এনএস১) সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএস১ পরীক্ষাটি বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সুবিধা কার্যকর করতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জ্বরের প্রথম এক থেকে তিন দিনের মধ্যে এনএস১ পরীক্ষা করলে শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে সময়মতো চিকিৎসা শুরু করা গেলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ ও নিম্নআয়ের মানুষ আর্থিক চাপ ছাড়াই প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। এতে ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত হওয়ার পাশাপাশি চিকিৎসা গ্রহণের হার বাড়বে এবং ডেঙ্গুজনিত মৃত্যু কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন