
আমাদের ব্যস্ত জীবনের মধ্যে অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যাযর সময়। যখন খুব ভারী খাবার খাওয়া সম্ভব হয় না, তখন হালকা কিছু বানিয়ে নেওয়াই ভালো। এই সময়ে চা-কফির সঙ্গে আলুর স্যান্ডউইচ হতে পারে দারুণ একটি পছন্দ।
এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি স্বাদেও অনন্য। শিশুরা যেমন এটি খেতে ভালোবাসে, ঠিক তেমনি বড়রাও চা বা কফির সঙ্গে এই স্ন্যাকস উপভোগ করতে পারেন।
উপকরণ:
- পাউরুটি ৪-৬ স্লাইস
- সেদ্ধ আলু ৩টি
- পেঁয়াজ কুচি ১টি
- কাঁচামরিচ কুচি ২টি
- ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া আধা চামচ
- চাট মসলা ১ চা চামচ
- লেবুর রস ১ চা চামচ
- গ্রেট করা চিজ ২ টেবিল চামচ
- মাখন বা তেল পরিমাণমতো
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি:
প্রথমে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা, চাট মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পুর তৈরি করুন।
এরপর পাউরুটির স্লাইসের ওপর সামান্য মাখন মাখিয়ে নিন। তার ওপর আলুর মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। এরপর গ্রেট করা চিজ দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন।
একটি তাওয়া গরম করে তাতে সামান্য মাখন দিন। মাঝারি আঁচে স্যান্ডউইচের দুই পাশ লালচে ও মুচমুচে হওয়া পর্যন্ত শেঁকে নিন।
পরিবেশন:
গরম গরম আলুর স্যান্ডউইচ টমেটো কেচাপ বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
এভাবেই খুব অল্প সময়ে ঘরে বসেই তৈরি করতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর একটি বিকেলের নাস্তা।









