বুধবার ৮ এপ্রিল, ২০২৬

সদর দক্ষিণে ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

রাইজিং ডেস্ক

সদর দক্ষিণে ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা
সদর দক্ষিণে ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার রাস্তার মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই কুমিল্লার তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের শুরুতে চৌয়ারা বাজার এলাকায় অবস্থিত মেসার্স আবদুর রহমান ট্রেডার্সকে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরবর্তীতে সুয়াগাজি রাস্তার মাথা এলাকায় মেসার্স জিনিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানের ভাড়া বাসার নিচে একটি সিমেন্ট দোকানের গোডাউন থেকে লুকানো অবস্থায় ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা জ্বালানি তেল জনসম্মুখে নিলামের মাধ্যমে রাহাত ফিলিং স্টেশনের কাছে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং অবৈধ মজুদের অভিযোগে মেসার্স জিনিয়া ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন