সোমবার ২০ জুলাই, ২০২৬

সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে টমছমব্রিজে উচ্ছেদ অভিযান কুমিল্লা সিটি কর্পোরেশনের

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

RisingCumilla -Cumilla City Corporation conducts eviction drive at Tomchombridge to clear roads and footpaths of encroachments.
সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে টমছমব্রিজে উচ্ছেদ অভিযান কুমিল্লা সিটি কর্পোরেশনের/ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ততম টমছমব্রিজ এলাকার প্রধান সড়ক ও ফুটপাত থেকে অবৈধ বাজার, হকার্স ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে কুমিল্লা সিটি করপোরেশন।

রোববার (১৯ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। ফলে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেছেন নগরবাসী।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টমছমব্রিজ এলাকার প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট, হকার্স এবং অবৈধ স্থাপনা গড়ে ওঠে। সড়কের ওপর বাজার বসানোর কারণে প্রতিদিনই সৃষ্টি হতো তীব্র যানজট। এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। স্থানীয়দের কাছে এই অবৈধ বাজারটি দীর্ঘদিন ধরে নগরীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত ছিল।

রোববারের অভিযানে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রম শেষে পুরো এলাকা দখলমুক্ত হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

এদিকে দীর্ঘদিন পর টমছমব্রিজ এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকেও অবৈধ দখল উচ্ছেদে একই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, “নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। কোনোভাবেই সড়ক ও ফুটপাত অবৈধ দখলে যেতে দেওয়া হবে না।”

কুমিল্লা সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে উচ্ছেদের পর পুনরায় যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন