
রাইজিং কুমিল্লা ডেস্ক
সংসদের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন জাতীয় সংসদের স্পিকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিলে স্পিকার এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)-কে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুত তদন্ত কমিটি গঠনকে বিষয়টির গুরুত্ব ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC