
রাইজিং কুমিল্লা ডেস্ক
বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা থাকতে হবে। শিক্ষায় নৈতিকতা একটি বড় গুণ।
শনিবার (৩০ আগস্ট) লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জিপিএ-৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না। এই সমাজের মধ্যে আমরা নৈতিকতাকে প্রাধান্য দিচ্ছি কি না, সেটাই গুরুত্বপূর্ণ। শিক্ষায় নৈতিকতা বড় গুণ।’
পানিসম্পদমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারা আমাদের অর্জন ও মেধাকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। এ জন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব উল্লেখ করে এ্যানি বলেন, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ে সমাজ জর্জরিত। তাই সবাইকে নৈতিকতার চর্চা করতে হবে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এসএসসি পরীক্ষা তাদের শিক্ষাজীবনের প্রথম ধাপ। এরপর ইন্টারমিডিয়েটের পড়াশোনা আরও কঠিন। তাই এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
সরকার নতুন করে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC