
তুলসী চা, যা তুলসী পাতা দিয়ে তৈরি এক জনপ্রিয় ভেষজ পানীয়। যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্দি-কাশি উপশম, স্ট্রেস কমানো ও সংক্রমণ প্রতিরোধে এটি বিশেষভাবে কার্যকর। নিয়মিত তুলসী চা পান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক প্রশান্তি দেয় এবং শরীরের জমে থাকা টক্সিন দূর করতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, মধু ও লেবুর রস মিশিয়ে তুলসী চা পান করলে এর উপকারিতা আরও বেড়ে যায়।
শীতের সকালে তুলসী চা খাওয়ার ৫টি উপকারিতা:
১. ঠান্ডা-কাশি থেকে সুরক্ষা দেয়
তুলসীর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ শীতকালে সর্দি, কাশি ও গলা ব্যথা কমাতে সহায়তা করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
তুলসী শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ফলে মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
৩. শরীর গরম রাখে
শীতের সকালে এক কাপ তুলসী চা শরীরের ভেতর থেকে উষ্ণতা দেয় এবং ঠান্ডাজনিত কাঁপুনি ও অস্বস্তি দূর করে।
৪. হজমশক্তি উন্নত করে
গ্যাস, বদহজম ও পেট ফাঁপা কমাতে তুলসী চা কার্যকর। শীতকালে ভারী খাবারের পর এটি বিশেষ উপকারী।
৫. মানসিক চাপ ও ক্লান্তি কমায়
তুলসী একটি প্রাকৃতিক স্ট্রেস রিলিভার। সকালে তুলসী চা পান মনকে শান্ত করে ও দিন শুরু করতে বাড়তি সতেজতা এনে দেয়।
যেভাবে তুলসী চা প্রস্তুত করবেন
উপকরণ:
পানি, তাজা তুলসী পাতা, আদা কুচি, মধু এবং লেবুর রস।
প্রস্তুত প্রণালী:
একটি পাত্রে পানি নিয়ে তাতে তুলসী পাতা ও আদা কুচি যোগ করুন। প্রায় ১০ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। কাপে ঢেলে গরম থাকা অবস্থায় মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন।
কারা সতর্ক থাকবেন
যারা রক্ত পাতলা করার ওষুধ (অ্যান্টিকোয়াগুলেন্ট) সেবন করেন, তাদের তুলসী চা পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ তুলসীর প্রাকৃতিক রক্ত পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে।
এছাড়া ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন, কারণ তুলসী রক্তে শর্করা কমাতে সহায়তা করতে পারে।










