
রাইজিং ক্যাম্পাস

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি নীল বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। একই অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথি মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে বাসের চাবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাস উপহার দিতে পেরে পূবালী ব্যাংক আনন্দিত। শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণসহ বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মাইনুল ইসলাম।
শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস।
অনুষ্ঠানে বাস হস্তান্তরের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়।
এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাসটি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি এ উদ্যোগের জন্য কলেজের পক্ষ থেকে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC