
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার একটি স্কুলের সাধারণ দিনের চিত্র হঠাৎ করেই হয়ে উঠল ব্যতিক্রমী। শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছে—এই পরিচিত পরিবেশের মধ্যেই নীরবে এসে বসেন এক বিশেষ অতিথি। তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে রাজনৈতিক পরিচয় পাশ কাটিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে তিনি যেন হয়ে ওঠেন একজন সাধারণ ছাত্র।
সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এই ভিন্নধর্মী দৃশ্যের সাক্ষী হন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে স্কুলটি পরিদর্শনে যান এমপি মনিরুল। আনুষ্ঠানিকতা শেষে হঠাৎই তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন, যেখানে তখন সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছিল।
শ্রেণিকক্ষে ঢোকার আগে শিক্ষিকার অনুমতি নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি বেঞ্চে বসে পড়েন। কোনো বিশেষ আয়োজন বা আলাদা আসনের ব্যবস্থা না করে তিনি শিক্ষিকাকে অনুরোধ করেন স্বাভাবিক নিয়মেই পাঠদান চালিয়ে যেতে। এমনকি ক্লাস চলাকালে যেন আর কেউ প্রবেশ না করে, সেই নির্দেশনাও দেন।
এ সময় শ্রেণিকক্ষে তৈরি হয় ভিন্নধর্মী পরিবেশ। একজন সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠ শুনছেন—এ দৃশ্য শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উৎসাহ বাড়িয়ে দেয়। তবে তিনি ছিলেন পুরোপুরি মনোযোগী। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ক্লাসে তিনি পাঠ শোনেন এবং একপর্যায়ে এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ‘কুলি-মজুর’ কবিতার আবৃত্তিও শোনেন। আবৃত্তি শুনে তাঁর মুখে ফুটে ওঠে প্রশংসার ছাপ।
ক্লাস শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি মনিরুল পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিজেদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষাকে আনন্দময় করে তুলতে পারলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে, তারা আর স্কুল ফাঁকি দেবে না।”
দিদার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, একজন সংসদ সদস্য হয়ে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে ক্লাস করা নিঃসন্দেহে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মধ্যেও দায়িত্ববোধ ও আন্তরিকতা বাড়বে।
এ সময় এমপি মনিরুল আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ, যোগ্য শিক্ষক নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC