প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৯:০০ পি.এম ||
প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:২১ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানেই মিলবে বিনামূল্যে টাইফয়েড টিকা, মাউশির বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির অধীনে পরিচালিত এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। একই সাথে, থানা-উপজেলা এবং জেলার সকল কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাউশি’র নির্দেশনা অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা গ্রহণ করতে পারবে। অন্যদিকে, যারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই, সেই ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা তাদের নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
ক্যাম্পেইন সফল করতে যেসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো:
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করার নির্দেশ দেবেন। একই সাথে, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে এই সংক্রান্ত চিঠি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তাদের নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলোতে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।
জেলা, উপজেলা ও থানার সকল কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন বিদ্যালয়ের কার্যক্রমের নিবিড় পরিবীক্ষণ করতে হবে।
শিক্ষকরা যাতে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নিতে পারেন, প্রধান শিক্ষকরা তা নিশ্চিত করবেন। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে।
টাইফয়েড টিকাদান সফল করতে শিক্ষকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করার বিষয়গুলো নিশ্চিত করবেন।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা, তা তদারকি করবেন।
এই কার্যক্রম বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী