
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক প্রবীর রঞ্জন দে'কে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (রবিবার) সকাল সাড়ে আটটার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় অবস্থিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্রীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিদ্যালয়ের বিরতির সময়ে ছাত্রীরা মাঠে নেমে আসে এবং প্রায় ৩০ মিনিট ধরে তাদের শিক্ষক প্রবীর রঞ্জন দে'র মুক্তির দাবিতে স্লোগান দেয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানায়, তাদের শিক্ষক প্রবীর রঞ্জন দে'কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা জিডি ছাড়াই 'সন্দেহের ভিত্তিতে' গ্রেপ্তার করা হয়েছে। তারা এই গ্রেপ্তারকে অন্যায় আখ্যা দিয়ে শিক্ষকের বিরুদ্ধে আনিত 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবি করে।
এদিনের কর্মসূচিতে স্কুলের প্রাক্তন ছাত্রীরাও অংশ নেন এবং শিক্ষকের মুক্তির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিরতির সময় শেষ হলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করে ক্লাসে ফিরে যায়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে নগরীর তালপুকুর পাড় ওয়াকিং জোনে হাঁটার সময় কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রভাতী শাখার শিক্ষক প্রবীর রঞ্জন দে'কে কোতোয়ালি পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওইদিন রাত পর্যন্ত পুলিশ নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC