
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে র্যাবের মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সারাদেশে মোট ৩১,৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাব ফোর্সেস দেশব্যাপী তাদের গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবেন।
জানা গেছে, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাজধানীতে র্যাবের ৯৪টি টহল দলসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এর মূল লক্ষ্য হলো দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
ব্যাটালিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করছে। র্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রমের ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
র্যাব ফোর্সেস দেশের সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে: দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য পেলে, সে সম্পর্কে দ্রুত র্যাব ফোর্সেসকে অবহিত করুন।
এছাড়াও, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বের বছরগুলোর মতো এ বছরও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে এই উৎসবকে নিরাপদ করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC