
রাইজিং কুমিল্লা ডেস্ক
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ রবিবার (১৮ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে মুসলমানরা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত শবেবরাত পালন করে থাকেন।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোনো দেশেই শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
এই পরিস্থিতিতে রজব মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে আজ খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে আগামীকাল সোমবার খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবান মাসের চাঁদ দেখা যেতে পারে।
এই হিসাব অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে শবেবরাত পালিত হতে পারে। বাংলাদেশেও যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে দেশে শবেবরাত পালিত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC