
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
লাখাই উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬ শুরু হয়েছে। লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ২২০ জন কৃষককে ধান সরবরাহের জন্য চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রতি কেজি ১৪ টাকা (মণপ্রতি ১,৪০০ টাকা) দরে মোট ৪৩৪ টন আমন ধান সংগ্রহ করা হবে। সরকারি অ্যাপের মাধ্যমে এই কার্যক্রমে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২,২৭৭ জন কৃষক আবেদন করেছিলেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকায় থাকা ২২০ জন কৃষককে ধান সরবরাহের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত এসব কৃষকের প্রত্যেকে খাদ্য গুদামে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) থেকেই তারা নির্ধারিত খাদ্য গুদামে ধান সরবরাহ শুরু করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে ও তাঁর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কৃষক যাচাই-বাছাই ও লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, খাদ্য গুদামের ওসিএলএসডি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাউস আহমেদ প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC