শনিবার ১৪ মার্চ, ২০২৬

লাইলাতুল কদরে যে দোয়া গুলো অবশ্যই পড়বেন

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

শবে কদর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ একটি রাত। ইসলামী বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই মহিমান্বিত রাতটি পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কী দোয়া করবেন— সে বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে—

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, একবার তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেন—
“হে আল্লাহর রাসুল! আপনি আমাকে বলে দিন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তখন আমি কী দোয়া পড়বো?”

রাসুলুল্লাহ (সা.) উত্তরে বলেন, তুমি বলবে—

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ:
‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।’
(মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

এ ছাড়াও শবে কদরের রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা, রহমত ও হেদায়াত কামনা করে কুরআনুল কারিমে বর্ণিত আরও কিছু দোয়া পড়া যেতে পারে।

১.

رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا

উচ্চারণ:
‘রাব্বানা আতিনা মিনলাদুনকা রাহমাতাও ওয়া হাইয়ি’ লানা মিন আমরিনা রাশাদা।’

অর্থ:
‘হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।’
(সুরা কাহাফ: আয়াত ১০)

২.

رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَ لَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا كَمَا حَمَلۡتَهٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَ لَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِهٖ ۚ وَ اعۡفُ عَنَّا ٝ وَ اغۡفِرۡ لَنَا ٝ وَ ارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰىنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡكٰفِرِیۡنَ

উচ্চারণ:
‘রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা’না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরাং কামা হামালতাহু আলাল্লাজিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্বাক্বাতা লানা বিহি ওয়া’আফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন।’

অর্থ:
‘হে আমাদের রব! আমরা ভুলে গেলে বা ভুল করলে আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের ওপর এমন বোঝা চাপাবেন না, যেমন আপনি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলেন। হে আমাদের রব! আমাদের ওপর এমন কিছু চাপিয়ে দেবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক; সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।’
(সুরা বাকারা: আয়াত ২৮৬)

মহিমান্বিত এই রাতটি মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও কল্যাণ প্রার্থনার এক বিশেষ সুযোগ। তাই শবে কদরের রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত।

আরও পড়ুন