
রাইজিং কুমিল্লা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব পেশায় একজন ব্যবসায়ী। তার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা।
নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
তানিয়া রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রবের সহধর্মিণী। তারা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম গ্রামের মরহুম আলী আজমের বাড়ির বাসিন্দা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তানিয়া রবের পেশা ব্যবসা। তার অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে জমা রয়েছে দুই লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার রয়েছে পাঁচ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত ও বিনিয়োগের পরিমাণ ৪৫ লাখ টাকা।
তানিয়া রবের মালিকানায় রয়েছে দুটি গাড়ি, যার মূল্য ৬১ লাখ ৬৫ হাজার টাকা। সোনাসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা রয়েছে এবং আসবাবপত্রের মূল্য ১০ লাখ টাকা। এসব অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ছয় কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে তানিয়া রবের নামে এক কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। বাড়িসহ স্থাবর সম্পত্তির ভাড়া থেকে তার বার্ষিক আয় ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সুদ ও অন্যান্য খাতে তার আয় ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা।
সব মিলিয়ে তানিয়া রবের বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকা। তিনি সর্বশেষ আয়কর হিসেবে পরিশোধ করেছেন ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা।
এদিকে, তার স্বামী আ স ম আব্দুর রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা।
হলফনামা অনুযায়ী, আ স ম রবের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৬ লাখ ৪২ হাজার ৭২৬ টাকা। বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানিতে তার শেয়ারের পরিমাণ এক কোটি টাকা। এছাড়া তার নামে রয়েছে ৩০ লাখ টাকার স্থায়ী আমানত।
আ স ম রবের সম্পদের মধ্যে আরও রয়েছে ১০ ভরি সোনা ও ১০ লাখ টাকার আসবাবপত্র। তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন ৫৪ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা। এসব সম্পদের অর্জনকালীন মোট মূল্য দুই কোটি ১১ লাখ ২৬ হাজার ৮০৩ টাকা। সর্বশেষ তিনি আয়কর দিয়েছেন তিন লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC