
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস উল্টে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে রাখা হয়েছে।
আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে গতি কমানোর জন্য বারবার অনুরোধ করলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC