
রাইজিং কুমিল্লা প্রতিবেদন
লক্ষ্মীপুরে বিশেষ যৌথ অভিযানে মো. ইমরান ও মো. সজিব নামের দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের সীমানাবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।
আটক মো. ইমরান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে। অপরদিকে মো. সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি (বিস্ফোরক) উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত সব আলামতসহ আটক দুই যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে। অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল সক্রিয়ভাবে অংশ নেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC